বাংলাদেশের ফার্স্ট স্পাউস ডা. জুবাইদা রহমান তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে যৌথভাবে জিরো ওয়েস্ট মিউজিয়াম উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাদুঘরটির উদ্বোধন হয়। তিন দিনের তুরস্ক সফরের শেষ দিনে এমিনে এরদোয়ানের আমন্ত্রণে মধ্যাহ্নভোজেও অংশ নেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান ও এমিনে এরদোয়ান সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। বিশ্বের বিভিন্ন দেশের ফার্স্ট লেডি ও ফার্স্ট স্পাউসরা সেখানে উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গেও বাংলাদেশের ফার্স্ট স্পাউসের সৌজন্য সাক্ষাৎ হয়। জাদুঘরে বর্জ্য কমানো, পুনর্ব্যবহার এবং পরিবেশ সংরক্ষণের নানা পদ্ধতি ও উদ্যোগ তুলে ধরা হয়েছে।
উদ্যোগটির লক্ষ্য প্লাস্টিকদূষণ কমানো, ব্যবহৃত সামগ্রীর পুনর্ব্যবহার এবং পরিবেশবান্ধব জীবনযাপনে মানুষকে উৎসাহিত করা। এমিনে এরদোয়ানের উদ্যোগে ২০১৭ সালে তুরস্কে জিরো ওয়েস্ট আন্দোলন শুরু হয়। কপ-৩১-এ অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গত মঙ্গলবার আন্তালিয়ায় পৌঁছান ডা. জুবাইদা রহমান এবং সফরে জলবায়ু সম্মেলনকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেন।