Web Analytics
মানবাধিকার সংগঠন অধিকার বলেছে, কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্টদের দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে। বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি গভীর উদ্বেগ জানায়। বিবৃতিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগের ১০ নভেম্বরের দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট কর্মসূচির প্রসঙ্গ উল্লেখ করা হয়।

অধিকারের ভাষ্য অনুযায়ী, গত সপ্তাহজুড়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাস ও পুলিশের গাড়িতে আগুন এবং বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বাসে আগুন দেওয়ার ঘটনায় একজন চালক নিহত হয়েছেন বলেও দাবি করা হয়। সংগঠনটি জানায়, ১১ নভেম্বর রাতে কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ করা হয়।

বিবৃতিতে গ্রামীণ ব্যাংকের ১৮টি শাখায় হামলা, ভাঙচুর ও বোমা নিক্ষেপের ঘটনাও উল্লেখ করা হয়েছে। অধিকার বলেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতা ও সংগঠকদের বিরুদ্ধে গুম, নির্বিচারে হত্যা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে বিচারিক কার্যক্রম চলছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে মানুষের জানমালের নিরাপত্তায় কঠোর পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছে সংগঠনটি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।