জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বিএনপি ক্ষমতায় এসে ছয় মাসের মধ্যেই বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে। সোমবার রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে তিনি বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার চিত্র তুলে ধরেন।
এনসিপির তালিকায় অর্থনৈতিক অব্যবস্থাপনা ও জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট ও রেকর্ড লোডশেডিং, ব্যাংক দখল ও বাজার সিন্ডিকেট, বিরোধী দলের ওপর দমনপীড়ন এবং মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ রয়েছে। এতে ওষুধের মূল্যনির্ধারণ নীতি ও হাম ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষাঙ্গনে ছাত্রসংগঠনের সন্ত্রাস, জুলাইয়ের আহতদের চিকিৎসা ও পুনর্বাসন এবং পররাষ্ট্রনীতি নিয়েও অভিযোগ তোলা হয়।
নাহিদ ইসলাম বলেন, গত ছয় মাসে ১৯ থেকে ২০টি বিশ্ববিদ্যালয়ে দলীয় উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ১১টি সিটি করপোরেশন ও ৬৩টি জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের প্রশাসক করা হয়েছে এবং এসব প্রতিষ্ঠানকে মনোনয়নবঞ্চিত ও নির্বাচনে হেরে যাওয়া প্রার্থীদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত করা হয়েছে। তাঁর দাবি, এ সময়ে ৮৩০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, যার ৬৭০টির সঙ্গে বিএনপি জড়িত; বিভিন্ন স্থানে এনসিপির নেতাকর্মীরাও হামলার শিকার হয়েছেন।