কিশোরদের নিরাপত্তা নিয়ে করা মামলার বিচার এড়াতে যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যকে অন্তত ১০ কোটি ডলার দিতে সম্মত হয়েছে টিকটক। শুক্রবার টিকটক ও আলাবামা কর্তৃপক্ষের মধ্যে এই সমঝোতা হয়, ফলে সোমবার শুরু হওয়ার কথা থাকা বিচার আর হচ্ছে না। অ্যাটর্নি জেনারেল স্টিভ মার্শালের দপ্তর জানিয়েছে, ৪৫ দিনের মধ্যে অর্থ পরিশোধ করতে হবে; নির্দিষ্ট শর্ত পূরণ হলে পরিমাণ ৩০ কোটি ডলার পর্যন্ত বাড়তে পারে।
সমঝোতা অনুযায়ী, কিশোর ব্যবহারকারীদের জন্য টিকটক প্রতিদিন সর্বোচ্চ দুই ঘণ্টার ব্যবহারসীমা চালু করবে। রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত শিশুদের অ্যাপ ব্যবহার ঠেকানোর ব্যবস্থাও করা হবে। পাশাপাশি অভিভাবকীয় নিয়ন্ত্রণ ও ব্যবহারকারীর নিরাপত্তার জন্য আরও কিছু সুবিধা চালুর কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
২০২৫ সালের এপ্রিল মাসে টিকটক ও এর চীনা মূল কোম্পানি বাইটড্যান্সের বিরুদ্ধে মামলা করে আলাবামা। পরে অঙ্গরাজ্যটি ‘ডিসেপটিভ ট্রেড প্র্যাকটিসেস অ্যাক্ট’-এর আওতায় অভিযোগ সীমিত করে। তদন্তকারীরা ১৩ থেকে ১৫ বছর বয়সি কিশোরদের পরিচয়ে খোলা অ্যাকাউন্টে রেস্ট্রিক্টেড মোড চালু রেখেও আত্মহত্যা, আত্মক্ষতি, খাদ্যাভ্যাসজনিত মানসিক সমস্যা, অ্যালকোহল ও যৌনতা-সংক্রান্ত ভিডিও দেখার অভিযোগ করেন।