চট্টগ্রামের বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফরকে সামনে রেখে হেলিপ্যাড ও জনসভাস্থল নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে স্পেশাল সিকিউরিটি ফোর্স, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপি নেতারা যৌথ পরিদর্শন শেষে বাহারছড়া সমুদ্রসৈকতে হেলিপ্যাড নির্মাণের স্থান চূড়ান্ত করেন। বেড়িবাঁধসংলগ্ন বালুচরকে সম্ভাব্য জনসভাস্থল হিসেবে নির্ধারণ করা হয়েছে।
এসএসএফের মেজর আশিক খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আশপাশের নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি পরিদর্শন করে। এর আগে সোমবার চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী সম্ভাব্য সফরস্থল পরিদর্শন করেন। তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রস্তুতি, নিরাপত্তা ও সমন্বয় নিয়ে মতবিনিময় করেন।
পরিদর্শনে স্থানীয় প্রশাসন, পুলিশ, বিএনপি এবং গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী বলেন, সফর উপলক্ষে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং জনসভায় লাখো মানুষের সমাগমের লক্ষ্য রয়েছে। তিনি স্থায়ী বেড়িবাঁধ, মেরিন ড্রাইভ, চার লেন সড়ক, পুনর্বাসন ও খাল পুনঃখননের দাবিগুলো বিশেষ গুরুত্ব পাবে বলে আশা প্রকাশ করেন।