ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, তেহরানের হরমুজ প্রণালি বন্ধ করার কোনো ইচ্ছা নেই। তিনি আরও বলেন, এই পর্যায়ে নৌচলাচল ব্যাহত হয়, এমন কোনো পদক্ষেপ নেওয়ারও পরিকল্পনা নেই। রোববার কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
এদিকে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য বিষয়ক সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, হরমুজ প্রণালির কাছে দুটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই প্রণালির দুই পাশে বহু জাহাজ নোঙর করে আছে বলে সংস্থাটি জানিয়েছে। হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি পরিবহনের একটি গুরুত্বপূর্ণ পথ, যেখানে যেকোনো অস্থিরতা আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব ফেলতে পারে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই আশ্বাস নৌচলাচল অব্যাহত রাখার বার্তা দিলেও, প্রণালির কাছে জাহাজ ক্ষতির ঘটনা অঞ্চলটির উত্তেজনা অব্যাহত থাকার ইঙ্গিত দেয়।