অতি বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা সমস্যার স্থায়ী ও টেকসই সমাধানের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সোমবার বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল পরিদর্শন করেন। এ সময় ছাত্রদল নেতারা বিশ্ববিদ্যালয়জুড়ে জলাবদ্ধতা নিরসনে একটি স্মারকলিপি প্রদান করেন এবং প্রশাসক দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
ছাত্রদল নেতারা জানান, ভারী বৃষ্টিতে বিভিন্ন সড়ক ও আবাসিক হলে দীর্ঘ সময় পানি জমে শিক্ষার্থীদের চলাচল ও স্বাস্থ্যঝুঁকি বেড়েছে। তারা সাময়িক নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে স্থায়ী সমাধান চেয়েছেন। প্রশাসক আব্দুস সালাম জানান, নীলক্ষেত, নিউমার্কেট ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হল-সংলগ্ন এলাকায় জলাবদ্ধতা নিরসনে একটি সরকারি প্রকল্প চলছে, যার আংশিক সুফল আগামী বর্ষায় পাওয়া যাবে।
তিনি আরও জানান, দুটি হলে ফগার মেশিন সরবরাহ, নিয়মিত মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হবে এবং ভবিষ্যতে পাম্পিং ও সাব-পাওয়ার স্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।