ভারতের আশ্রয়ে থাকা লেখিকা তসলিমা নাসরিন দেশে ফিরলে তাঁর ওপর নির্যাতনের অভিযোগে কবি, সাহিত্যিক ও সাংবাদিকদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ৪ আগস্ট সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি তসলিমার আইনগত ও সাংবিধানিক অধিকার।
তসলিমা নাসরিন তাঁর একটি বইয়ে কয়েকজন খ্যাতনামা কবি, সাহিত্যিক, বামপন্থী বুদ্ধিজীবী ও বিজ্ঞানমনস্ক সাংবাদিকের বিরুদ্ধে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও যৌন হয়রানির অভিযোগ উল্লেখ করেছেন। তিনি আরও অভিযোগ করেছেন যে, তারা তাঁকে দেশে ফিরতে বাধা দিচ্ছেন। সরকারের দৃষ্টিভঙ্গি জানতে চাইলে উপদেষ্টা বলেন, দেশে এসে আইনের আশ্রয় নিলে আদালত স্বাভাবিক প্রক্রিয়ায় বিষয়টি বিবেচনা করবে।
উপদেষ্টা বলেন, ফৌজদারি অপরাধ কখনো তামাদি হয় না এবং ভুক্তভোগী হিসেবে তসলিমা চাইলে যাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তাদের বিরুদ্ধে আদালতে যেতে পারেন। তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ ‘ক’, যা ভারতে ‘দ্বিখণ্ডিত’ নামে প্রকাশিত, সেখানে ইমদাদুল হক মিলন ও সৈয়দ শামসুল হকের সঙ্গে সম্পর্ক এবং যৌন নিপীড়নের বিবরণ রয়েছে। সৈয়দ শামসুল হক এ নিয়ে মানহানির মামলা করেছিলেন।