চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী এনামুল হক এনাম বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সব কেন্দ্রে এগিয়ে থেকে এনামুল হক এনামকে বিজয়ী ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার ও পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান। এনামুল হক এনাম পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৬০ ভোট, ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী এয়ার মুহাম্মদ পেয়ারু পেয়েছেন ২৮ হাজার ৮০৬ ভোট এবং জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. ফরিদুল আলম ২০ হাজার ৯৪০ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
সরেজমিনে দেখা গেছে, সকালে ভোটারের উপস্থিতি কিছুটা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমে যায়, তবে মহিলা ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম বলেন, পটিয়ার মানুষ একজন নির্যাতিত ও মজলুম নেতাকে নির্বাচিত করেছেন এবং তিনি পটিয়াবাসীর জন্য আন্তরিকভাবে কাজ করবেন।
নির্বাচনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং বিএনপি প্রার্থী বিপুল ব্যবধানে জয় লাভ করেন।