প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রোববার দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যাচ্ছেন। দুই দিনের এই সফর শেষে তিনি ২২ জুন বিকেলে চীনের উদ্দেশে রওনা দেবেন এবং ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত চার দিনের সফরে থাকবেন। চীন সফরে প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হবে। সফরে ১৩টি সমঝোতা স্মারক, দুটি চুক্তি, একটি অ্যাকশন প্ল্যান ও একটি প্রটোকল নোট স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এক সংবাদ সম্মেলনে জানান, চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা, নদী ব্যবস্থাপনা এবং চীনের বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী সামার দাভোসে অংশ নেবেন এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামে বক্তব্য রাখবেন, যেখানে তিনি চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাবেন।
মালয়েশিয়া সফরে বাংলাদেশের পক্ষ থেকে দেশটিতে আরও কর্মী নেওয়ার অনুরোধ জানানো হবে। পররাষ্ট্র সচিব বলেন, মালয়েশিয়া বাংলাদেশের পুরোনো বন্ধু এবং আসিয়ান অঞ্চলে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের শক্তিশালী সমর্থক, তাই এসব বিষয়ও আলোচনায় গুরুত্ব পাবে।