জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান জানিয়েছেন, আগামী অর্থ বছরের বাজেটে সংবাদপত্রের কাঁচামাল হিসেবে আমদানি করা নিউজপ্রিন্টের ওপর আরোপিত ভ্যাট কমানো হবে। মঙ্গলবার আগারগাঁওয়ের রাজস্ব ভবনে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তিনি এ আশ্বাস দেন।
নোয়াবের প্রেসিডেন্ট ও মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী নিউজপ্রিন্ট আমদানিতে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার, বিজ্ঞাপন আয়ের উৎসে কর ৫ শতাংশ এবং কাঁচামাল আমদানিতে ৫ শতাংশ অগ্রিম আয়কর কমানোর দাবি জানান। তিনি বলেন, নিউজপ্রিন্ট সংবাদপত্র শিল্পের প্রধান কাঁচামাল, যা মোট উৎপাদন ব্যয়ের ৫০ থেকে ৬০ শতাংশ। ফলে শিল্পটি দ্বিমুখী আর্থিক চাপের মুখে রয়েছে। নোয়াব করপোরেট করের হার ২৭.৫ শতাংশ থেকে ১০ শতাংশে নামানো এবং কর্মীদের আয়কর দায় থেকে প্রতিষ্ঠানকে অব্যাহতি দেওয়ার প্রস্তাবও দেয়।
প্রতি উত্তরে এনবিআর চেয়ারম্যান বলেন, করপোরেট কর বাড়বে না এবং কর্মীদের আয়কর দায় ব্যক্তিকেই বহন করতে হবে, তবে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন হলে প্রতিষ্ঠানকে এ দায় থেকে অব্যাহতি দেওয়া হবে।