Web Analytics
পরিবেশদূষণের অভিযোগ এবং পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় অনুমোদন না থাকায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ১৭টি ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। শীত মৌসুমের আগে ভাটাগুলোতে চুল্লি জ্বালানোর প্রস্তুতি চলার সময় সম্প্রতি বিশেষ অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের কর্মকর্তারা। সরেজমিন পরিদর্শনের পর সংশ্লিষ্ট মালিকদের হাতে ভাটা বন্ধের নির্দেশসংবলিত নোটিস দেওয়া হয়।

অধিদপ্তর জানিয়েছে, নোটিস পাওয়া অধিকাংশ ভাটা সনাতন প্রযুক্তির ড্রাম চিমনি ও স্থির চিমনি ব্যবহার করে পরিচালিত হচ্ছিল। এসব ভাটার সঙ্গে কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি কাটা, জ্বালানি হিসেবে কাঠ পোড়ানো এবং বায়ুদূষণের ঝুঁকি জড়িত। চিমনির ধোঁয়া আশপাশের জনবসতি, কৃষিজমি ও গাছপালার ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। উর্বর মাটি ব্যবহারে জমির উৎপাদনক্ষমতা কমার আশঙ্কার কথাও বলা হয়েছে।

নোটিসে ভাটাগুলোতে আগুন না দেওয়া, কাঠ ব্যবহার না করা এবং কৃষিজমির উপরিভাগের মাটি কেটে ইট তৈরিতে ব্যবহার না করার নির্দেশ রয়েছে। উপপরিচালক মোজাহিদুর রহমান বলেন, ছাড়পত্র ও অনুমোদন ছাড়া কোনো ইটভাটা পরিচালনার সুযোগ নেই। নির্দেশ অমান্য করলে ভ্রাম্যমাণ আদালত, মামলা, মালামাল জব্দ ও উচ্ছেদসহ আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসানও এসব ভাটা বন্ধ করা প্রয়োজন বলে জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।