ইরান বলেছে, তাদের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বোমা হামলায় ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএর পরিদর্শকদের প্রবেশ করতে দেওয়া হবে না। আইএইএ ইরানের স্থাপনাগুলোতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা নিয়ে চরম উদ্বেগ জানিয়েছে এবং বলেছে, সেখানে যথাযথ নজরদারি ও নিরাপত্তাব্যবস্থা কার্যকর নেই। ইরান বলছে, দেশটি যুদ্ধাবস্থায় রয়েছে এবং ক্রমাগত হুমকির মুখে আছে।
আইএইএর প্রধান উদ্বেগ নাতাঞ্জ, ফোরদো ও ইসফাহানের পরমাণু স্থাপনাগুলোকে ঘিরে। যুদ্ধ শুরুর পর থেকে ইরান এসব স্থাপনায় আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশের অনুমতি বন্ধ রেখেছে। সংস্থাটি বলেছে, ওই স্থাপনাগুলোতে কোনো ধরনের পারমাণবিক কার্যক্রম চলছে কি না যাচাইয়ের জন্য জরুরি ভিত্তিতে পরিদর্শকদের প্রবেশাধিকার দিতে হবে।
গত বছরের সেপ্টেম্বরে আইএইএর পরিদর্শকেরা সর্বশেষ ইরান সফর করেন এবং বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেন। তবে বুশেহর ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজে ব্যবহৃত স্থাপনা নয়। তাই ওই কেন্দ্র নিয়ে সরাসরি কোনো উদ্বেগ নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।