জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, তাদের দল কোনো জাতীয় সংকটকে ক্ষমতায় যাওয়ার ইস্যু হিসেবে ব্যবহার করতে চায় না। শনিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ মানব কল্যাণ পরিষদের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি ‘হ্যাঁ’ ভোট দিয়ে সব সংস্কার ও নোট অব ডিসেন্ট মেনে নিয়েছে, কিন্তু তারা তা স্বীকার করতে চায় না। এতে মৌলিক কোনো পরিবর্তন হবে না এবং কর্তৃত্ববাদী শাসনই বহাল থাকবে বলে মন্তব্য করেন তিনি।
পরওয়ার জানান, জ্বালানি সংকটের সময় জামায়াতের আমির সরকার ও বিরোধী দলের যৌথ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছিলেন। সেই কমিটির একটি বৈঠকও হয়েছে এবং পরে সংকট নিরসনের খবর এসেছে। তিনি বলেন, এটি প্রমাণ করে যে জামায়াত জাতীয় কোনো সংকট জিইয়ে রাখতে চায় না এবং উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে চায়।
এ সময় জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান ও জেলা ইমাম সমিতির সভাপতি ফজলে রাব্বি উপস্থিত ছিলেন।