চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে দুই দিন অবস্থান করা ২৮ জনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ফিরিয়ে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিজিবির প্রতিরোধের মুখে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, শনিবার ভোরে ওই ২৮ জনকে আর দেখা যায়নি, ধারণা করা হচ্ছে রাতের কোনো একসময় বিএসএফ তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে।
বিজিবির তথ্য অনুযায়ী, বুধবার রাত ৩টার দিকে আশরাফপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত পিলার ২০৩/৬-আর সংলগ্ন এলাকা দিয়ে ১২ জন পুরুষ, ১০ জন নারী ও ৬ জন শিশুকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানোর চেষ্টা করে। কিন্তু বিজিবির প্রতিরোধে তারা সীমান্ত অতিক্রম করতে পারেনি এবং নো ম্যান্স ল্যান্ডে অবস্থান করে। বিজিবি জানায়, পুরো সীমান্ত এলাকা সার্বক্ষণিক নজরদারির আওতায় রাখা হয়েছে।
ঘটনাটি নিয়ে বিএসএফ আনুষ্ঠানিকভাবে বিজিবিকে কিছু জানায়নি, ফলে কিছু তথ্য এখনও নিশ্চিত নয়।