পাবনার ভাঙ্গুড়া উপজেলায় চেক ডিসঅনার মামলার এক আসামিকে না পেয়ে তার স্ত্রী, ভাই ও ভাবীকে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ঝবঝবিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, এসআই আনিসের নেতৃত্বে ১০-১২ জন পুলিশ সদস্য জামায়াত কর্মী ও ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুর রহিম রুবেলকে গ্রেপ্তারের জন্য তার বাড়িতে অভিযান চালান। দরজা খুলতে দেরি হওয়ায় পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বলে অভিযোগ রয়েছে।
পরিবারের দাবি, রুবেল বাড়িতে না থাকায় তার স্ত্রী ফজিলা খাতুন জামিনের কাগজ দেখান, কিন্তু পুলিশ তাকে, রুবেলের ভাই রনি ইসলাম ও ভাবী স্বপ্না খাতুনকে মারধর করে। আহতদের ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডা. মহির উদ্দিন হাসপাতালে গিয়ে ঘটনার নিন্দা জানিয়ে দায়ী পুলিশ সদস্যদের শাস্তির দাবি করেন।
অন্যদিকে, থানার ওসি এস এম মোস্তাফিজুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, আসামিকে গ্রেপ্তারের সময় পরিবারের সদস্যরা বাধা দেন ও অসদাচরণ করেন, এতে দুই পুলিশ সদস্যও আহত হন।