বাংলাদেশের মন্ত্রিপরিষদ বিভাগ বুধবার এক পরিপত্রে জানায়, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ নিজ অফিসে অবস্থান বাধ্যতামূলক। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এই নির্দেশনা জনসেবা নিশ্চিত ও দাপ্তরিক কাজে গতি আনতে জারি করা হয়েছে। পরিপত্রে বলা হয়, অফিসের অন্যান্য কর্মসূচি এমনভাবে সাজাতে হবে যাতে এই সময়ের উপস্থিতি বিঘ্নিত না হয়।
তবে কিছু ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। শিক্ষা বা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও অনুষদ সদস্য যারা প্রশাসনিক দায়িত্বে নেই, তাদের জন্য এই বাধ্যবাধকতা থাকবে না। একইভাবে হাসপাতাল, জেলখানা, সংবাদমাধ্যম ও নিরাপত্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে রোস্টার ডিউটি করা কর্মীদের ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে। জরুরি গ্রাহকসেবা ও মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এই নিয়মের বাইরে থাকবেন।
পরিপত্রে আরও বলা হয়, ভিভিআইপি বা ভিআইপি প্রোটোকল, বড় দুর্ঘটনা মোকাবেলা, উন্নয়ন সহযোগী বা কূটনৈতিক মিশনের সঙ্গে গুরুত্বপূর্ণ সভা এবং অনুমোদিত সরকারি সফর ছাড়া অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করা যাবে না। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে।