জামায়াতে ইসলামীসহ ১১দলীয় ঐক্য জানিয়েছে, আগামীকাল পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়নের ব্যবস্থা না নিলে তারা রাজপথে আন্দোলনে নামবে। শনিবার দুপুরে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এ ঘোষণা দেন। তিনি জানান, আগামী ২৮ মার্চ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা তৈরি ও ঘোষণা করা হবে।
হামিদুর রহমান আযাদ বলেন, সরকার নির্ধারিত ৩০ দিনের মধ্যে সংস্কার কমিশনের অধিবেশন ডাকেনি, যার সময়সীমা আগামীকাল শেষ হবে। তিনি সতর্ক করে বলেন, অধিবেশন না ডাকলে সরকার ও সংসদনেতাকে দায় নিতে হবে। বৈঠকে ছয় সিটিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদ জানানো হয় এবং প্রশাসনে দলীয়করণের অভিযোগ তোলা হয়। তিনি আরও বলেন, ১১দলীয় ঐক্য জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চায়, আংশিক নয়।
তিনি জানান, ঐক্যের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সরকারকে সহযোগিতা করতে চান, তবে সঠিক ভূমিকা না নিলে আন্দোলনে নামা ছাড়া উপায় থাকবে না।