একসময় ইসরাইলের সবচেয়ে নিরাপদ ও প্রাণবন্ত শহর হিসেবে পরিচিত তেল আবিব এখন ভয় ও অনিশ্চয়তার শহরে পরিণত হয়েছে। ইরান-ইসরাইল যুদ্ধের কারণে মিসাইল হামলার আশঙ্কা ও নিরাপদ আশ্রয়ের অভাবে পরিবার, শিক্ষার্থী ও তরুণ দম্পতিরা শহর ছেড়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ইরানের পাল্টা মিসাইল ও ড্রোন আক্রমণে ইসরাইলিদের জীবনযাত্রা সাইরেন ও শেল্টারের রুটিনে সীমাবদ্ধ হয়ে পড়েছে। গরিবদের মধ্যে আতঙ্ক বাড়ছে, আর সামাজিক বৈষম্য স্পষ্ট হয়ে উঠছে।
ইসরাইলের সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিসটিকস জানিয়েছে, ২০২৫ সালে ৬৯ হাজার ৩০০ জন দেশ ছেড়েছে, যার মধ্যে মাত্র ১৯ হাজার ফিরে এসেছে। বিশ্লেষকেরা সতর্ক করেছেন, শিক্ষিত ও সেক্যুলার ইসরাইলিদের দেশত্যাগ অর্থনীতির ভিত্তিকে দুর্বল করছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল সতর্ক করেছে যে যুদ্ধের ফলে প্রতিরক্ষা ব্যয় বাড়বে, উৎপাদনশীলতা কমবে এবং অর্থনৈতিক ঝুঁকি বাড়বে। ২০২৩ সালের অক্টোবরের পর থেকে ইসরাইলিদের মধ্যে মানসিক চাপ ও হতাশা বেড়েছে।
বিশ্লেষকেরা মনে করেন, ইসরাইলের প্রাতিষ্ঠানিক কাঠামো টিকে থাকলেও দীর্ঘমেয়াদি সংঘাত ও সামাজিক বিভাজন মেধাপ্রবাহ হ্রাস ও বৈষম্য বাড়িয়ে দেশকে আরও অস্থির করে তুলতে পারে।