আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষায় নকল ও অনিয়ম ঠেকাতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এই উদ্যোগের অংশ হিসেবে তিনি হেলিকপ্টারে করে দেশের বিভিন্ন জেলার পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করবেন। বিশেষ নজর থাকবে মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের কেন্দ্রগুলোতে। শনিবার রাতে রাজধানীর মিন্টো রোডে তাঁর সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানটি আয়োজন করে শিক্ষা বিটের সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসিয়েশন, বাংলাদেশ (ইরাব)।
শিক্ষামন্ত্রী বলেন, নকল ঠেকাতে কোনো বিকল্প নেই এবং পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হবে। কর্মকর্তাদের ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে নিয়ে তিনি জেলা পর্যায়ে পরিদর্শন করবেন। তিনি স্মরণ করিয়ে দেন, ২০০১ সালে প্রতিমন্ত্রী থাকাকালে একইভাবে নকল দমন করেছিলেন। এবারও সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নকলের প্রবণতা বেশি থাকায় সেখানে বিশেষ নজর দেওয়া হবে এবং কক্ষ পরিদর্শক ও কেন্দ্র নির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।