শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আগামী বৃহস্পতিবার দুপুর ৩টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন করবেন। সেখানে তিনি আসন্ন এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষার চূড়ান্ত সময়সূচি ঘোষণা করবেন বলে জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নেওয়ার প্রাথমিক পরিকল্পনা রয়েছে। এই ঘোষণার পর সংশ্লিষ্ট মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। পরিস্থিতি বিবেচনায় গত বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে বিশেষজ্ঞ ও অংশীজনদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশগ্রহণকারীরা ডিসেম্বরের পরিবর্তে জানুয়ারিতে এসএসসি এবং জুনে এইচএসসি পরীক্ষা নেওয়ার পক্ষে মত দেন।
বৈঠকের আলোচনার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে।