সুনামগঞ্জে জমিয়ত দলীয় কার্যালয়ে দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর সঙ্গে জেলা নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা জমিয়ত সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী। প্রধান অতিথি আফেন্দী বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে আদর্শভিত্তিক রাজনীতির প্রয়োজনীয়তা বেড়েছে। তিনি জানান, বিএনপির সঙ্গে সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নিলেও দেশি-বিদেশি অপশক্তির কারণে জমিয়ত পরাজিত হয়েছে।
তিনি ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় জমিয়তে উলামায়ে ইসলামকে আরও সুসংগঠিত ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। জেলা সভাপতি তাফাজ্জুল হক আজিজ বলেন, সুনামগঞ্জ জেলা জমিয়ত সবসময় দলের আদর্শে অবিচল থেকেছে এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে কাজ করছে। তিনি জানান, কেন্দ্রীয় নেতৃত্বের দিকনির্দেশনা অনুসরণ করে জেলার প্রতিটি ইউনিটকে সক্রিয় ও জনমুখী সংগঠনে পরিণত করা হবে।
সভায় জেলা ও মহানগর জমিয়তের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।