ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধ শুরু হওয়ার তিন সপ্তাহ পর সংঘাতটি এখন অনিশ্চিত অবস্থায় পৌঁছেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে বলছেন যুদ্ধ প্রায় শেষ, অন্যদিকে ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে এবং মার্কিন মেরিন ইউনিট অঞ্চলটিতে প্রবেশ করছে। ট্রাম্প ট্রুথ সোশ্যালে সতর্ক করেছেন, ইরান যদি ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী পুরোপুরি না খোলে, তবে মার্কিন বাহিনী ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা শুরু করবে।
এর আগে ট্রাম্প ইরানে মার্কিন সামরিক লক্ষ্যগুলোর তালিকা প্রকাশ করেছিলেন, যেখানে ইরানের প্রতিরক্ষা অবকাঠামো ও পারমাণবিক কর্মসূচি ধ্বংসের কথা বলা হলেও হরমুজ প্রণালী সুরক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না। তিনি দাবি করেন, ওই দায়িত্ব তেলনির্ভর অন্যান্য দেশের হওয়া উচিত। যদিও যুক্তরাষ্ট্র তেল রপ্তানিকারক দেশ হলেও বৈশ্বিক তেলের দামের ওঠানামা মার্কিন জ্বালানি বাজারে প্রভাব ফেলে।
মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ইরান অভিযানের জন্য কংগ্রেসে ২০০ বিলিয়ন ডলারের জরুরি তহবিল চাইতে প্রস্তুতি নিচ্ছে। এতে যুদ্ধ দীর্ঘস্থায়ী ও ব্যয়বহুল হতে পারে বলে ইঙ্গিত মেলে, আর কংগ্রেস সদস্যরা কৌশল ও ব্যয়ের বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন।