পাকিস্তান বার কাউন্সিলের আট সদস্য কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবির যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে জরুরি বিচারিক হস্তক্ষেপ চেয়েছেন। তাঁরা ইমরানকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের আগের নির্দেশ কার্যকরের দাবি জানান। তাঁদের মতে, ইমরানের চিকিৎসাসংক্রান্ত আবেদন দ্রুত শুনানি করে দম্পতির জীবন রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
বিবৃতিতে বলা হয়, ১৮ আগস্ট ইমরানের শারীরিক অবস্থা নিয়ে আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ তাঁকে দুই দিনের মধ্যে শিফা হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছিল। তবে কর্তৃপক্ষ তাঁকে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আবার কারাগারে ফেরত পাঠায় বলে অভিযোগ করা হয়। সদস্যরা জীবন, ব্যক্তিস্বাধীনতা, ন্যায়বিচার ও যথাযথ আইনি প্রক্রিয়ার সাংবিধানিক অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন।
আইনজীবীদের ডেমোক্রেটিক অ্যালায়েন্স, পাকিস্তানের মানবাধিকার কমিশন ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও উদ্বেগ জানিয়েছে। তারা পর্যাপ্ত চিকিৎসা, পরিবার ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগ, আদালতের নির্দেশ বাস্তবায়ন এবং অভিযোগের স্বাধীন তদন্ত চেয়েছে। অ্যামনেস্টির ভাষ্য অনুযায়ী, ইমরানের দুই বোন মুক্তি পেলেও আলিমা খান এখনো কোট লাখপত কারাগারে আটক রয়েছেন।