জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, সরকারি দল জুলাই সনদের সংস্কার শপথ না নিয়ে জনগণের আকাঙ্ক্ষার প্রতি অবজ্ঞা দেখিয়েছে। মঙ্গলবার জামায়াত ও ১১ দলীয় ঐক্যের সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, সরকারি দল শুধু সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছে, কিন্তু জুলাই গণভোটভিত্তিক সংস্কার শপথ নেয়নি। তিনি এটিকে জুলাই আন্দোলন ও তার আদর্শের প্রতি অসম্মান হিসেবে উল্লেখ করেন।
ডা. শফিকুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়, যেখানে জনগণ সুষ্ঠু ভোটের আশা করেছিল। কিন্তু সেই প্রত্যাশা পুরোপুরি পূরণ হয়নি। তিনি জানান, জামায়াতের সংসদ সদস্যরা জুলাইয়ের রায় ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার দায়িত্ববোধ থেকে দুইটি শপথই নিয়েছেন, যদিও অনুষ্ঠান সম্পর্কে দেরিতে অবহিত করা হয়েছিল।
এ সময় এনসিপি আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য ডা. খলিলুর রহমানের নতুন মন্ত্রিসভায় যোগদানকে অনৈতিক বলে মন্তব্য করেন এবং সংস্কার ঠেকাতে নির্বাচনে কারচুপির অভিযোগ তোলেন।