যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর দায় অস্বীকার করে বলেছেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধ শুরু করেনি। আগামী ৩ নভেম্বরের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে বুধবার ওহাইও অঙ্গরাজ্যের চিলিকোথিতে এক নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন। ট্রাম্পের দাবি, তিনি ক্ষমতায় আসার অনেক আগেই সংঘাতের সমাধান হওয়া উচিত ছিল।
সমাবেশে ট্রাম্প বলেন, ইরানের হাতে এখনো ক্ষেপণাস্ত্র আছে, তবে আগের তুলনায় সেগুলোর সংখ্যা অনেক কম। তিনি আরও দাবি করেন, ইরানের ড্রোন উৎপাদনকারীরা সমস্যায় পড়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, বিদ্যুৎ না থাকায় তারা উৎপাদন কার্যক্রম চালিয়ে যেতে পারছেন না। এসব দাবির ভিত্তিতে তিনি যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের পক্ষে সাফাই দেন।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে যুদ্ধ শুরু করে। সে সময় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওমানের মধ্যস্থতায় দুই পক্ষের আলোচনা চলছিল। গত বছরও তেহরানের সঙ্গে আলোচনা চলার সময় দুই দেশ ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছিল। ফলে আলোচনার মধ্যে ইরানে হামলার ঘটনা দ্বিতীয়বার ঘটল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।