ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, প্রতিবন্ধকতার কারণে কোনো প্রতিভা থেমে থাকবে না—এমন বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য। শনিবার রাজধানীর গ্রিন রোডে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে যুব প্রতিবন্ধীদের জন্য জাতীয় আইটি প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সঠিক সুযোগ, প্রশিক্ষণ ও প্রযুক্তি পেলে প্রতিবন্ধী তরুণ-তরুণীরাও দেশের ডিজিটাল রূপান্তর ও উন্নয়নে সমান অংশীদার হতে পারে। তাদের ডিজিটাল দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তিগত ক্ষমতায়নকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার এমন প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে কাজ করছে, যেখানে কোনো শ্রেণির মানুষ পিছিয়ে থাকবে না।
এটি ছিল প্রতিযোগিতার দশম আয়োজন, যেখানে চার বিভাগে ৭০ জন অংশ নেন এবং ১২ জনকে পুরস্কৃত করা হয়। মো. শাকিল মিয়া, শেখ ইয়ামিন আহসান, নাহিন সিরাজ ও আরিয়ান ইসলাম নিজ নিজ বিভাগে চ্যাম্পিয়ন হয়ে অক্টোবরে ভিয়েতনামে গ্লোবাল আইটি কম্পিটিশনে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। মন্ত্রী চার প্রতিযোগীকে ব্যক্তিগতভাবে সহায়তার ঘোষণা দেন।