প্রবাসীদের বাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্য নিয়োগের উদ্যোগ নিয়েছে সিলেট জেলা প্রশাসন। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন জানান, আনসার ও ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে এবং শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বুধবার ওসমানীনগর উপজেলা সফরকালে তিনি বলেন, বর্তমান সরকার প্রবাসীদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে এবং তাদের সমস্যার সমাধানে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, প্রবাসীদের হয়রানি ও নিরাপত্তাজনিত উদ্বেগ কমাতে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। ওসমানীনগর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সামছুন নাহার জানান, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তাদের সিদ্ধান্তের পর পরবর্তী কার্যক্রম শুরু হবে। সফরকালে জেলা প্রশাসক সিলেট-ঢাকা মহাসড়কের উন্নয়নকাজের অগ্রগতি সম্পর্কেও কথা বলেন এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।