রাজধানীর মতিঝিলের মানি এক্সচেঞ্জগুলোতে খোলা বাজারে প্রতি ডলার বিক্রি হচ্ছে ১৩০ টাকা ৭০ পয়সায়। বৃহস্পতিবার বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউজে খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে। এই দরের নিচে কোথাও ডলার পাওয়া যাচ্ছে না। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, আগের দিনও প্রায় একই দামে নগদ ডলার বিক্রি হয়েছে; তবে গত কয়েক দিন প্রতি ডলার ১২৯ টাকায় বিক্রি হচ্ছিল।
ব্যাংকগুলোতে আমদানি ঋণপত্রের বিপরীতে ডলার বিক্রি হচ্ছে ১২৫ টাকা ৪০ পয়সায়, যা আগের দিনের ১২৫ টাকা ৩০ পয়সার চেয়ে বেশি। গত ১৮ নভেম্বর এ দর ছিল ১২৫ টাকা ৫ পয়সা। একই দিনে ব্যাংকগুলো ১২৬ টাকা দরে রেমিট্যান্স সংগ্রহ করছে। আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ডলারের দর বেড়ে ১২৪ টাকা ৭৫ পয়সায় দাঁড়িয়েছে।
বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর নগদ বৈদেশিক মুদ্রা বিক্রির সর্বোচ্চ বিনিময় হার নির্ধারণ করেছে। ২৫ নভেম্বর জারি করা নির্দেশনায় বলা হয়, ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক নির্ধারিত বিসি বা বিলস ফর কালেকশন সেলিং রেটের বেশি দাম নিতে পারবে না। নগদ বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা ও গ্রাহকের স্বার্থ সুরক্ষায় এ সীমা নির্ধারণ করা হয়েছে। নির্দেশনা বাস্তবায়নে অনুমোদিত ডিলার শাখাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।