যশোরের অভয়নগরের শিল্প-বাণিজ্য ও বন্দরনগরী নওয়াপাড়ার প্রাণ ভৈরব নদ ক্রমে নাব্য হারাচ্ছে। পলি জমে নদীর বিভিন্ন স্থানে চর জেগে ওঠায় পণ্যবাহী নৌযান ও বড় কার্গো চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে ভাটার সময় নৌযানগুলোকে জোয়ারের অপেক্ষায় দীর্ঘ সময় থাকতে হচ্ছে এবং কোথাও কোথাও জাহাজের তলদেশ চরে আটকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে পরিবহনের সময় ও ব্যয় বাড়ছে।
ব্যবসায়ী মনিরুজ্জামান বলেন, নাব্য সংকটে জাহাজ থেকে মালামাল ওঠানো-নামানো কঠিন হয়ে পড়েছে এবং অনেক জাহাজ কাঙ্ক্ষিত ঘাটে ভিড়তে পারছে না। তাঁর মতে, চলমান খনন উদ্যোগ প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়; নিয়মিত খনন, সঠিক পরিকল্পনা ও তদারকি দরকার। বন্দর ব্যবহারকারী ফারুক হোসেন বলেন, সংকট নিয়ে বারবার আলোচনা হলেও দৃশ্যমান ও টেকসই সমাধান মিলছে না।
নদীবন্দর সংশ্লিষ্টরা নদের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা, অবৈধ দখল ও স্থাপনা অপসারণ এবং রক্ষণাবেক্ষণ খননের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনার দাবি করেছেন। ব্যবসায়ী এটিএম তারিকুল ইসলাম নদ দখল ও দূষণ বন্ধে কার্যকর পদক্ষেপ চেয়েছেন। বিআইডব্লিউটিএর উপসহকারী মাসুদ রানা জানান, নদ খননের কাজ চলমান থাকলেও একসঙ্গে সব জায়গায় কাজ করা সম্ভব হচ্ছে না।