রাজশাহী অঞ্চলে দীর্ঘদিনের প্রচলিত ‘ঢলন’ প্রথা বাতিল করে এখন থেকে কেজি দরে আম কেনাবেচার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে এই সিদ্ধান্ত গৃহীত হয়। নতুন ব্যবস্থায় আড়তদারদের জন্য প্রতি কেজিতে তিন টাকা কমিশন নির্ধারণ করা হয়েছে, যাতে আমচাষিরা ন্যায্য মূল্য পান।
সভায় জানানো হয়, আগে ৪০ কেজির দাম দেওয়া হলেও অনেক ক্ষেত্রে আড়তদাররা ৪৪ থেকে ৫৪ কেজি পর্যন্ত আম নিতেন, ফলে চাষিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতেন। সভায় রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের প্রশাসনিক কর্মকর্তা, আমচাষি, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে আমচাষিদের দীর্ঘদিনের দাবি পূরণ হবে এবং আম বাণিজ্যে স্বচ্ছতা আসবে।