জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সব পর্যায়ে একক প্রার্থী দেবে। শনিবার সকালে জেলা বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল এবং দুপুরে নলডাঙ্গা উপজেলার মাধনগর ডিগ্রি কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি জানান, সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিকেই দলীয় মনোনয়ন দেওয়া হবে।
দুলু বলেন, একই উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে বিএনপির একাধিক প্রার্থী দাঁড়ানোর কোনো সুযোগ থাকবে না এবং এ নীতির ব্যতিক্রম করা হবে না। যেসব ত্যাগী নেতা মনোনয়ন পাবেন না, তাদের অবস্থান বিবেচনা করে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপির গুরুত্বপূর্ণ পদ দেওয়া হবে বলে তিনি জানান। ত্যাগী কোনো নেতাকে বঞ্চিত করা হবে না বলেও তিনি দাবি করেন।
আগামী নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের আরও সক্রিয় ও সচেতন হওয়ার আহ্বান জানান দুলু। তিনি জামায়াতে ইসলামীর নারী কর্মীদের কার্যক্রম নিয়ে সতর্ক থাকার কথা বলেন। তিনি পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের শিক্ষাব্যবস্থা নিয়ে সমালোচনা করেন এবং বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার বাজেটে শিক্ষাখাতে সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছে। দোয়া মাহফিলে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান টুকুর সুস্থতা ও প্রয়াত নাটোর জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হকের রুহের মাগফিরাত কামনা করা হয়।