নড়াইল সদর উপজেলার হবোখালী ইউনিয়নের বিলডুমুরতলা গ্রামে মঙ্গলবার রাতে বিএনপি নেতা হুমায়ুন মোল্লার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ ও পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, রাত ১টার দিকে বিস্ফোরণের মতো শব্দ শুনে ঘুম থেকে জেগে তারা ঘরের মালামাল রাখার টিনের ঘরে আগুন জ্বলতে দেখেন। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ঘর ও এর ভেতরের সব মালামাল পুড়ে যায়।
হুমায়ুন মোল্লা হবোখালী ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সদ্যসমাপ্ত নির্বাচনে নড়াইল-২ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করেছিলেন। তার পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে বিরোধের জেরে এই নাশকতা চালানো হয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওলি মিয়া জানিয়েছেন, এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি এবং ঘটনার তদন্ত চলছে।