এস্তোনিয়া ১ ডিসেম্বর থেকে রাশিয়ার সঙ্গে সব সীমান্ত ক্রসিং বন্ধ করবে। রাজধানী তালিনের উত্তরে ভিমসিতে প্রতিরক্ষা সরঞ্জাম ও ড্রোন নির্মাতা থ্রিওড সিস্টেমসে অগ্নিসংযোগের চেষ্টা নস্যাৎ হওয়ার পর সরকার এ সিদ্ধান্ত নেয়। পররাষ্ট্রমন্ত্রী মার্গুস সাখনা রোববার এক্সে ঘোষণা দিয়ে অভিযোগ করেন, হামলার নির্দেশ রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ দিয়েছিল।
প্রধানমন্ত্রী ক্রিস্টেন মিখাল বলেন, জোরদার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপে বড় ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, হামলাকারীরা ভবনে ঢুকে জানালা ভেঙে ভেতরে দাহ্য তরল ঢেলে আগুন ও বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করেছিল। আটজনকে আটক করা হয়েছে; সবাই লাতভিয়ার বাসিন্দা। পাঁচজনকে গ্রেপ্তারে আদালতের অনুমতি চেয়েছে প্রসিকিউটরদের কার্যালয়। কেউ আহত হননি এবং প্রতিষ্ঠানের উৎপাদন ও সরবরাহে উল্লেখযোগ্য ক্ষতি হয়নি।
রাশিয়া বলেছে, তারা এস্তোনিয়ার ঘোষণা যাচাই করবে। মুখপাত্র মারিয়া জাখারোভা পরিকল্পনাটি বাস্তবায়িত হলে একে রুশবিদ্বেষের প্রকাশ হিসেবে দেখবেন বলে জানান। বর্তমানে নারভা, লুহামা ও কোইদুলা দিয়ে মানুষ ও পণ্য চলাচল হয়। নতুন সিদ্ধান্তে তিনটি ক্রসিংই বন্ধ হবে, তবে নিষেধাজ্ঞার মেয়াদ স্পষ্ট নয়।