প্রধানমন্ত্রী তারেক রহমান সুখী ও সমৃদ্ধ ‘বেটার বাংলাদেশ’ গড়তে সকল ধর্মাবলম্বীর ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেছেন। রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ইস্টার সানডে উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চ ইন বাংলাদেশের সভাপতি ফিলিপ পি. অধিকারীর নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেন।
সভায় প্রধানমন্ত্রী বলেন, সব ধর্মের মানুষকে সমানভাবে দেখা ও ভালোবাসা উচিত, কারণ ধর্ম যার যার, দেশ সবার। তিনি উল্লেখ করেন, জাতীয় উন্নয়নের জন্য ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। সাম্প্রতিক জাতীয় নির্বাচনে সব ধর্মের মানুষ বিএনপিকে ভোট দিয়েছে বলে তিনি মন্তব্য করেন। এছাড়া তিনি জানান, দায়িত্ব নেওয়ার সময় দেশের অর্থনীতি ও অবকাঠামো ভঙ্গুর অবস্থায় ছিল এবং ইজরাইল-ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার প্রস্তুতি নিচ্ছে।
খ্রিষ্টান নেতারা সরকারের ফ্যামিলি কার্ড, কৃষিঋণ মওকুফ ও ধর্মীয় নেতাদের সম্মানী ভাতা উদ্যোগের প্রশংসা করেন এবং ইস্টার সানডে সরকারি ছুটি ও সংসদে খ্রিষ্টান নারী প্রতিনিধিত্বের দাবি জানান। প্রধানমন্ত্রী এসব দাবি বিবেচনার আশ্বাস দেন।