চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংক্রান্ত চুক্তির সিদ্ধান্তের প্রতিবাদে এবং বদলি হওয়া শ্রমিক-কর্মচারীদের বদলি আদেশ বাতিলের দাবিতে মঙ্গলবার সকাল আটটা থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। সোমবার দুপুরে বন্দর ভবন চত্বরে সংগঠনের সমন্বয়ক মো. হুমায়ুন কবীর এই কর্মসূচি ঘোষণা করেন। এর আগে টানা তিন দিন ধরে প্রতিদিন আট ঘণ্টা করে কর্মবিরতি পালন করা হয়েছিল।
কর্মবিরতির কারণে মঙ্গলবার সকাল থেকে কোনো শ্রমিক কাজে যোগ দেয়নি এবং বন্দরের প্রধান ফটকে ট্রাক-লরির প্রবেশ বন্ধ রয়েছে। এতে আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে। বন্দরের বিভিন্ন ইয়ার্ডে কনটেইনারের জট সৃষ্টি হয়েছে এবং ৩৫টি মাদার ভেসেল বহির্নোঙরে পণ্য নিয়ে অপেক্ষা করছে। বেসরকারি ডিপো বা অফডকগুলোর কার্যক্রমেও মারাত্মক ধীরগতি দেখা দিয়েছে। ব্যবসায়ীরা বলছেন, টানা কর্মবিরতির কারণে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে এবং দ্রুত আলোচনার মাধ্যমে সমাধান প্রয়োজন।
শ্রমিক নেতারা অভিযোগ করেছেন, সরকার বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দিচ্ছে এবং আন্দোলনরত শ্রমিকদের বদলি করে হয়রানি করছে। তারা ঘোষণা দিয়েছেন, সরকার চুক্তি প্রত্যাহার ও বদলি আদেশ বাতিল না করা পর্যন্ত আন্দোলন চলবে।