সদ্য সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতা টেকসই করতে প্রতিষ্ঠান হিসেবে এ বিভাগের প্রয়োজনীয় কাঠামো, সক্ষমতা ও স্বায়ত্তশাসন নিশ্চিত করা জরুরি। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক আইন বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। আইন অনুষদ আয়োজিত বক্তৃতায় বাংলাদেশের সাংবিধানিক পরিচয়, বিচার বিভাগের স্বাধীনতা, প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসন ও বিচার বিভাগীয় সংস্কার নিয়ে আলোচনা হয়।
বর্তমানে অক্সফোর্ড ইউনিভার্সিটির ওনারারি-ভিজিটিং ফেলো সৈয়দ রেফাত আহমেদ বলেন, বিচারকের স্বাধীনতা এবং প্রতিষ্ঠান হিসেবে বিচার বিভাগের স্বাধীনতা এক নয়। বিচারক স্বাধীনভাবে সিদ্ধান্ত দিতে পারলেও নিয়োগ, প্রশাসন ও আর্থিক ব্যবস্থাপনায় বিচার বিভাগ অন্য রাষ্ট্রীয় অঙ্গের ওপর নির্ভরশীল থাকলে সেই স্বাধীনতা পূর্ণাঙ্গ হয় না।
তিনি বলেন, প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসন বিচ্ছিন্নতা নয়; বিচার বিভাগকে রাজনৈতিক ক্ষমতার কাছে নয়, আইনের কাছে জবাবদিহি করতে হবে। স্বাধীনতার সঙ্গে সততা, স্বচ্ছতা ও জবাবদিহির সমন্বয়ের কথাও বলেন তিনি। প্রধান বিচারপতি থাকাকালে বিচার বিভাগ ও সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার প্রস্তাবের উল্লেখ করে তিনি নিয়োগে মেধা, সততা, দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান। অনুষ্ঠানে ঢাবির প্রো-ভিসি অধ্যাপক ড. আব্দুস সালাম প্রধান অতিথি ছিলেন।