তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির লাশ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গোলাম পরওয়ার বলেন, একজন সাবেক সামরিক কর্মকর্তার লাশ নদী থেকে উদ্ধারের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তার ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়ে দেশবাসীর মনে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে। তিনি এসব প্রতিষ্ঠানের চরম ব্যর্থতা ও গাফিলতির অভিযোগও করেন।
বিবৃতিতে তিনি বলেন, নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। তাহসিফ সাউরির মৃত্যুর কারণ, পরিস্থিতি এবং কারও সংশ্লিষ্টতা ছিল কি না, তা দ্রুত নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তে বের করার আহ্বান জানান তিনি। অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তি এবং দায়িত্বে অবহেলা বা অপরাধে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা বা সংস্থার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবিও জানান। তিনি নিহতের রূহের মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।