শেরপুর জেলা শহরের চাপাতলী এলাকায় একটি চাল প্রক্রিয়াজাতকরণ মিলে অভিযান চালিয়ে ৩৩ হাজার ১০০ কেজি সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১টার দিকে সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় কসবা ভাটিপাড়া গ্রামের মৃত বাবুল তালুকদারের ছেলে মো. বোরহান উদ্দিনকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ৫০ কেজির ৫০০ বস্তা ও ৩০ কেজির ২৭০ বস্তাসহ মোট ৭৭০ বস্তায় চাল পাওয়া যায়, যার আনুমানিক মূল্য ১৬ লাখ ২১ হাজার ৯০০ টাকা। কর্মকর্তারা জানান, সরকারি ৫০ কেজির চাল ছোট ৩০ কেজির বস্তায় ভরে ‘খাদ্যবান্ধব কর্মসূচি–২০২৬ সালের জুন মাস’ নামে বাজারজাত করার চেষ্টা চলছিল। অভিযান শেষে গোডাউনটি সিলগালা করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং জব্দ করা চাল আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপের জন্য সংরক্ষিত থাকবে।