নাটোর-২ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, মানুষ বিএনপিকে ভোট দিয়ে সংসদে পাঠাতে মুখিয়ে আছে। সোমবার নাটোরের নলডাঙ্গা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত পথসভায় তিনি বলেন, যত ষড়যন্ত্রই হোক না কেন, আগামী নির্বাচনে বিএনপিই বিজয়ী হয়ে সরকার গঠন করবে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ প্রায় ১৮ বছর ক্ষমতায় থেকে হত্যা, গুম ও লুটপাটের মাধ্যমে দেশকে অশান্ত করেছে এবং বিরোধী মতের মানুষকে দমন করেছে।
দুলু বলেন, তারেক রহমান দেশে ফিরে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে জনসংযোগ ও জনসমাবেশ শুরু করায় জনগণ এখন বিএনপিকে ক্ষমতায় নিতে ঐক্যবদ্ধ হয়েছে। তিনি জানান, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ৩১ দফার ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠন করবে। এ সময় নাটোর জেলা বিএনপির নেতৃবৃন্দ নাসিম উদ্দিন নাসিম, হাফিজ উদ্দিন হাফিজসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
দুলু আরও বলেন, তিনি এমপি ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে নাটোরে বহু উন্নয়ন করেছেন এবং এবার ধানের শীষে ভোট পেলে সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন।