জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ী গ্রামে বড়াইবাড়ি দিবস উপলক্ষে শহীদ বিডিআর জওয়ানদের স্মরণ করেছে। শনিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি জানায়, ২০০১ সালের এই দিনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বিনা উস্কানিতে সীমান্ত পিলার অতিক্রম করে বড়াইবাড়ী গ্রামে প্রবেশ করে হামলা চালায়। এ উপলক্ষে এনসিপি শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এবং তাদের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদস্য ও স্থানীয় গ্রামবাসী বিএসএফের অনুপ্রবেশ প্রতিহত করে বড়াইবাড়ী ক্যাম্প ও গ্রাম রক্ষা করেন। বিএসএফ বাংলাদেশের স্থাপনার দিকে গুলি চালায়, যার সাক্ষী হিসেবে আজও বড়াইবাড়ী ক্যাম্প দাঁড়িয়ে আছে। এনসিপি জানায়, বিডিআর জওয়ানদের সাহসিকতার কারণে অনুপ্রবেশকারীরা পিছু হটতে বাধ্য হয়।
নায়েক সুবেদার ওয়াহিদুজ্জামান, সিপাহী মাহফুজার রহমান ও সিপাহী আব্দুল কাদের শহীদ হন। এনসিপি তাদের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশের প্রতি তাদের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।