বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ধনী-গরিবের ব্যবধানের পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও বৈষম্য প্রকট হয়েছে। সোমবার রাজধানীর সেগুনবাগিচার সংহতি মিলনায়তনে বিপ্লবী ছাত্র সংহতির ঢাকা মহানগরের শিক্ষাক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সাইফুল হক বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অন্যতম লক্ষ্য ছিল বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা। সামাজিক, অর্থনৈতিক ও চাকরির ক্ষেত্রে বৈষম্য দূর করাও এ গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল। তবে তাঁর মতে, গত দুই বছরে বৈষম্য কমার বদলে আরও বেড়েছে। শিক্ষাক্ষেত্রে চলমান নানা পরীক্ষা-নিরীক্ষা বন্ধ করারও আহ্বান জানান তিনি।
শিক্ষাকে কেনাবেচার পণ্য না বলে সবার অধিকার হিসেবে উল্লেখ করেন সাইফুল হক। তিনি শিক্ষার অধিকার নিশ্চিত করতে সরকারের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ দাবি করেন। তাঁর ভাষ্য, শিক্ষাক্ষেত্রের বৈষম্য সামাজিক বৈষম্য বাড়ায় এবং সামাজিক বৈষম্য শিক্ষার বৈষম্যকে আরও তীব্র করে। যুগোপযোগী, মানবিক, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক শিক্ষানীতি এবং কারিকুলাম প্রণয়নে সমাজের গুরুত্বপূর্ণ অংশীজনদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।