যুক্তরাষ্ট্রের অবরোধ ও নিরাপত্তা ঝুঁকির কারণে শত শত তেল, গ্যাস ও পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করতে পারছে না, ফলে প্রায় ২০ হাজার নাবিক পারস্য উপসাগরে আটকা পড়েছেন। প্রায় আট সপ্তাহ ধরে ভারতীয় ক্যাপ্টেন রাহুল ধর ও তার নাবিকদলসহ অনেকেই তাদের ট্যাংকারে অবস্থান করছেন। তারা দৈনন্দিন কাজ চালিয়ে গেলেও মানসিক চাপ বাড়ছে।
গত ৭ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হওয়ায় নাবিকরা আশাবাদী হয়েছিলেন, কিন্তু সংঘাতের কোনো সুস্পষ্ট অবসান ঘটেনি। হরমুজ প্রণালি বিশ্বব্যাপী তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ, যেখানে সাধারণত বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি পণ্য পরিবাহিত হয়।
লয়েডস লিস্ট ইন্টেলিজেন্সের তথ্যমতে, ১৩ থেকে ১৯ এপ্রিলের মধ্যে মাত্র ৮০টি জাহাজ প্রণালি অতিক্রম করেছে, যেখানে যুদ্ধের আগে প্রতিদিন ১৩০টিরও বেশি জাহাজ চলাচল করত।