বিমসটেক মহাসচিব রাষ্ট্রদূত ইন্দ্র মণি পান্ডে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সদস্যদেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকায় বিমসটেক যুব ফোরাম ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব কোনো একক দেশের মধ্যে সীমিত নয়; কার্যকর মোকাবিলায় আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতার বিকল্প নেই। ফোরামটি আয়োজন করে বিমসটেক সচিবালয়, সহ-আয়োজক ছিল বিওয়াইএলসি।
পান্ডে কৃষি, অবকাঠামো, স্বাস্থ্যব্যবস্থা ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনাকে জলবায়ু সহনশীল ও টেকসই করতে সম্মিলিত উদ্যোগের ওপর জোর দেন। তরুণ নেতৃত্ব, নীতিনির্ধারক, গবেষক ও জলবায়ু বিশেষজ্ঞরা বাংলাদেশের অভিযোজন অভিজ্ঞতা, স্বল্প কার্বন অর্থনীতিতে উত্তরণ এবং আঞ্চলিক জলবায়ু কার্যক্রমে তরুণদের ভূমিকা নিয়ে মতবিনিময় করেন। বক্তারা বলেন, তরুণদের অংশগ্রহণকে আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে নীতিনির্ধারণ, আঞ্চলিক সিদ্ধান্ত ও স্থানীয় উদ্যোগে অর্থবহ সুযোগ দিতে হবে।
ফোরামে অভিযোজন ও প্রশমন নিয়ে দুটি আলোচনা পর্ব হয়। আলোচনায় বাংলাদেশের পানিনির্ভর জীবনযাত্রা, স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা, গবেষণা ও অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব উঠে আসে। নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা ও সবুজ কর্মসংস্থানকে স্বল্প কার্বন অর্থনীতির গুরুত্বপূর্ণ উপাদান বলা হয়। বক্তারা ন্যায্য জ্বালানি রূপান্তরে শ্রমিকের অধিকার, জীবিকার সুরক্ষা এবং পরিবেশগত অবিচার ও বিষাক্ত দূষণ মোকাবিলার ওপরও জোর দেন।