মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) মঙ্গলবার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে কথিত মাদক সম্রাট বাবুল হোসেন ওরফে বাবু (৪৫) কে গ্রেপ্তার করেছে। তিনি ‘লিটন ট্রাভেলস’-এর একটি বাসে সাধারণ যাত্রীর বেশে যশোরগামী ছিলেন। তল্লাশিতে তার হাতে থাকা শপিং ব্যাগ থেকে স্কচটেপ ও টিস্যু দিয়ে মোড়ানো ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
ডিএনসি কর্মকর্তাদের বরাতে জানা গেছে, কেরাণীগঞ্জের বাসিন্দা বাবু দীর্ঘদিন ধরে দক্ষিণ ও উত্তরাঞ্চলে ইয়াবা সরবরাহের একটি বড় সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন। তিনি টেকনাফ থেকে ইয়াবা এনে কেরাণীগঞ্জে মজুত করে বাসযোগে যশোর, খুলনা, রাজশাহী ও রংপুরে পাঠাতেন। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
ডিএনসি জানিয়েছে, চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্তে তদন্ত চলছে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা ও পাচারের রুট ভাঙতে রাজধানীসহ সারাদেশে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।