উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) মহাসচিব জাসেম আল-বুদাইওয়ি সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে ইরানের করা ‘ভিত্তিহীন ও অগ্রহণযোগ্য অভিযোগের’ তীব্র নিন্দা জানিয়েছেন। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছিল যে, আমিরাত ইরানের শত্রু পক্ষগুলোর সঙ্গে যোগসাজশ করছে।
জিসিসির এক বিবৃতিতে বলা হয়েছে, আল-বুদাইওয়ি মন্তব্য করেছেন যে এই বিভ্রান্তিকর দাবিগুলো মূলত অঞ্চলের দেশগুলোর প্রতি ইরানের উসকানিমূলক ও উত্তেজনা বৃদ্ধির কৌশলের অংশ। তিনি আরও বলেন, ইরান শুধু আমিরাতের ভূখণ্ডে নৃশংস আক্রমণ চালিয়েই থেমে থাকেনি, বরং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সত্য বিকৃত করার চেষ্টা অব্যাহত রেখেছে।
বিবৃতিতে আরও জানানো হয়, জিসিসিভুক্ত দেশগুলো সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ঐক্যবদ্ধ রয়েছে এবং দেশটির নিরাপত্তা, স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষায় গৃহীত সব পদক্ষেপকে সমর্থন করে।