জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেন সংসদে অভিযোগ করেছেন, প্রায় ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ে চীনা একটি কোম্পানিকে বাংলাদেশের তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে সম্পূরক প্রশ্নে তিনি দেশের স্বার্থে প্রকল্পটি বাতিল করা হবে কি না জানতে চান।
অর্থমন্ত্রী বলেন, প্রশ্নটি মূল প্রশ্নের সঙ্গে সম্পর্কিত নয়; সংসদ সদস্য নোটিশ দিলে যথাযথ উত্তর দেওয়া হবে। আখতার বলেন, গত বৃহস্পতিবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটি অনুমোদিত হয়। তাঁর ভাষ্য অনুযায়ী, চীনা কোম্পানি সিএনই দৈনিক ৩ লাখ ৪২ হাজার মার্কিন ডলার ক্যাপাসিটি চার্জ প্রস্তাব করেছে, যেখানে বিদ্যমান দুই টার্মিনালের চার্জ যথাক্রমে ২ লাখ ৫৪ হাজার ও ২ লাখ ৪৯ হাজার ডলার।
আখতার বলেন, বর্তমানে চালু দুই টার্মিনালের মেয়াদ শেষে জাহাজসহ সম্পদ বাংলাদেশের মালিকানায় আসবে। তবে সিএনইর প্রস্তাবিত টার্মিনালের মালিকানা ১৫ বছর পরও বাংলাদেশের কাছে ফিরবে না বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, এক মাস আগে প্রস্তাবটি বাতিল হয়েছিল এবং নতুন প্রকল্পে প্রায় ৩৫ শতাংশ বেশি ব্যয় হচ্ছে, যা সরকারি অর্থের অপচয় ও অর্থ লোপাটের সুযোগ তৈরি করতে পারে।