নরসিংদীর মনোহরদীতে ছয় মাসের অন্তঃসত্ত্বা নারী উদ্যোক্তা পপি আক্তারকে মারধর, শ্লীলতাহানি ও চাঁদা দাবির অভিযোগে উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলনসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। পপি আক্তার নিজেই নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। অন্য দুই আসামি হলেন আব্দুল জব্বার ও মোক্তার উদ্দিন তালুকদার। অভিযোগে বলা হয়েছে, আসামিরা দীর্ঘদিন ধরে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন এবং ৭ মে তার বিউটি পার্লারে গিয়ে তাকে মারধর করেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, দোলন তার কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করেন ও মোবাইল ফোন ভেঙে ফেলেন, অন্যরা দোকানের ড্রয়ার থেকে ৫২ হাজার টাকা ও গলার স্বর্ণের চেইন নিয়ে যান। স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় পপিকে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পপি আক্তার অভিযোগ করেন, মনোহরদী থানায় মামলা করতে গেলে পুলিশ তা নেয়নি, ফলে তিনি ১৮ জুন আদালতে মামলা করেন। অভিযুক্ত বিএনপি নেতার বক্তব্য পাওয়া যায়নি। থানার ওসি ঘটনাটি জানেন না বলে দাবি করেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী বলেন, এটি রাজনৈতিক ষড়যন্ত্র হতে পারে এবং সুষ্ঠু তদন্তের আহ্বান জানান।