ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধের কারণে জ্বালানি ও সার সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটছে, যার ফলে আগামী মাসগুলোতে বিশ্বজুড়ে ৩ কোটির বেশি মানুষ নতুন করে দারিদ্র্যে নিমজ্জিত হতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রধান আলেকজান্ডার ডি ক্রো। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধ এখনই শেষ হলেও এর প্রভাব ইতোমধ্যে শুরু হয়ে গেছে এবং খাদ্য নিরাপত্তা পরিস্থিতি দ্রুত চরমে পৌঁছাবে।
ডি ক্রো জানান, এই সংকট ইতোমধ্যে বৈশ্বিক মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ০.৫ থেকে ০.৮ শতাংশ ক্ষতি করেছে। তিনি সতর্ক করেন, যে উন্নয়ন অর্জনে দশক লেগেছে, যুদ্ধের কয়েক সপ্তাহেই তা ধ্বংস হয়ে যেতে পারে।
এদিকে, ফ্রান্স ২৪ ও পাসব্লু জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে সারবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের প্রস্তাব এখনো কার্যকর হয়নি। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি জানিয়েছেন, জাতিসংঘ অনুরোধ করলে ইরান জাহাজ চলাচলে অনুমতি দেবে, তবে যুক্তরাষ্ট্রের জাতিসংঘ মিশন এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।