রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের তিন সদস্য হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে ডিএনএ নমুনা সংগ্রহের জন্য ঢাকায় নেওয়া হচ্ছে। রোববার রাতে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার তাদের সিআইডি কার্যালয়ে নেওয়া হবে।
তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, হত্যাকাণ্ডের ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামত ও নিহতদের নমুনার সঙ্গে দুই আসামির ডিএনএ মিলিয়ে দেখা হবে। এর মাধ্যমে ঘটনাস্থলে আসামিদের উপস্থিতি ছিল কি না অথবা উদ্ধার করা কোনো আলামতের সঙ্গে তাদের জৈবিক সম্পর্ক রয়েছে কি না, তা যাচাই করা হবে।
গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ার নিজ বাড়ি থেকে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। সনাতন চক্রবর্তী বলেন, সিআইডিতে ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য নমুনা দেওয়া হবে এবং সেখানে কাজটি প্রায় আধাঘণ্টার। তবে কখন তাদের নেওয়া হবে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট তথ্য দেননি।